
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়কে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সমন্বিত অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ। অভিযানে তেল পাম্প, খুচরা তেল বিক্রেতা এবং সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের ওপর বিশেষ নজরদারি করা হচ্ছে। ২৫ মার্চ বুধবার জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে সড়ক নিরাপত্তা জোরদার করতে ট্রাফিক পুলিশ হেলমেটবিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচলকারী মোটরসাইকেলের বিরুদ্ধেও অভিযান জোরদার করেছে। অভিযানের সময় রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও অন্যান্য বৈধ কাগজপত্র যাচাই করা হচ্ছে। নিয়ম না মানলে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।