
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যােগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার (পপি) সভাপতিত্বে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও রঙ্গিন বেলুন উড়ানো,কুচকাওয়াজ অনুষ্ঠান ও ডিসপ্লে প্রদর্শন, পুরস্কার বিতরণ,বীরমুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা এবং রচনা,আবৃত্তি,চিত্রাঙ্কণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মো.মুফতিজুর রহমান খান বিবেক,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিংগাইর উপজেলা শাখা কমান্ড, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলামসহ বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারি ও বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
দুপুরে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত প্রার্থনাসহ হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও এতিমখানা সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানাযায়।