
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গপাড়া এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
নিহত মিমনুর রহমান ভ্যানচালক আলমগীর হোসেন (আল্লীর) প্রথম সন্তান এবং বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে মিমনুর রহমান নিহত হন। এ মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া এবং স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় ক্ষোভ ও উদ্বেগ।
ঘটনার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা মোছা: মনোয়ারা বেগম, সহকারী প্রধান শিক্ষক মহুবর রহমান, শিক্ষক আব্দুল হাই, মিজানুর রহমান, স্বপন কুমার রায়, ভগীরথ চন্দ্র রায় এবং সহকারী শিক্ষিকা সাজেদা সুলতানা ও শিলা রানী রায়সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, একজন নিরপরাধ শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ড সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার আহ্বানও জানান তারা।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে নিহত শিক্ষার্থীর পরিবার গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।